হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার তরুণকে আদালতে পাঠানোর খবর।
হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার তরুণকে আদালতে পাঠানোর খবর।

গিয়াস রনি : নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ঘটনাটি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার সোহরাবকে বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেন। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌরসভা এলাকায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার ফাহাদ উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তাঁর দাবি, এ সময় হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল তাঁর বাবার পকেটে তিন হাজার টাকা দিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন। পরে তাঁর বাবা বিষয়টি জানালে তাঁরা ওই টাকা ফেরত দেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে খোন্দকার সোহেল বলেন, এ বিষয়ে সামাজিক বৈঠক চলার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন। বিষয়টিকে তিনি প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাবকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা তাঁর জানা নেই বলে জানান ওসি।

নোয়াখালী প্রতিনিধি

Muktomon/TA