চট্টগ্রামের হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায়

 চট্টগ্রামের হালিশহর ও দক্ষিণ কাট্টলীতে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায়ের দৃশ্য
চট্টগ্রামের হালিশহর ও দক্ষিণ কাট্টলীতে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায়ের দৃশ্য

মঈনউদ্দিন মনি : চট্টগ্রামের হালিশহরের গলিচিপা পাড়া ও দক্ষিণ কাট্টলী এলাকার পূজামণ্ডপগুলোতে বিজয়া দশমীতে বিষাদঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। শঙ্খনাদ, উলুধ্বনি ও ঢাকের বিষণ্ন ছন্দে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানান তারা।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে হালিশহরের গলিচিপা পাড়ার অমূল্য সওদাগরের বাড়ি এবং দক্ষিণ কাট্টলী এলাকার বিভিন্ন পূজামণ্ডপে বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ সময় বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন। পরে তারা সিঁদুর খেলায় অংশ নেন এবং একে অপরের কপালে সিঁদুর পরিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেন। মিষ্টিমুখের মধ্য দিয়ে একে অপরের কল্যাণ কামনা করেন এবং আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সকালে নির্ধারিত তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়।

বিদায়ের মুহূর্তে ঢাকের গভীর আওয়াজ, ধূপের ধোঁয়া ও ভক্তদের আবেগঘন উপস্থিতিতে পূজামণ্ডপগুলোতে তৈরি হয় বিষাদময় পরিবেশ। দেবীকে বিদায় জানাতে গিয়ে অনেক ভক্তের চোখে ছিল অশ্রু।

এ সময় ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয়—‘আসছে বছর আবার হবে’। এই প্রত্যাশা নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানান তারা।

চট্টগ্রাম প্রতিনিধি

Muktomon/TA