গিয়াস রনি : নোয়াখালীর সুবর্ণচরে সিমখেতে ঘাস পরিষ্কারের কাজ করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামে এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে। সাহেদ ওই গ্রামের মো. খলিলের ছেলে।
নিহতের মামা জাকের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামে এক ব্যক্তির সিমখেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের স্বজনেরা তাঁর জন্য নাশতা নিয়ে যান। এ সময় তাঁরা সাহেদকে খেতের মধ্যে হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন।
পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, কাজ করার সময় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী প্রতিনিধি
Muktomon/TA