মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য কখনো নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেছেন, শত বছর ধরে দেশের মানুষ সম্প্রীতির এই ঐতিহ্য হৃদয়ে ধারণ করে রেখেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের লালপুরে দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিসকক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। কেউ বিপদে পড়লে অন্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম ভিত্তি।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্য দেশের মানুষের শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
ফারজানা শারমীন বলেন, সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে হবে।