দক্ষিণখানে জমি দখলের অভিযোগ মজিবুর রহমান ও সামসুদ্দিন মজুমদার বিরুদ্ধে

দক্ষিণখানের গণকবরস্থান রোডের জমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন মোখলেছুর রহমান।
দক্ষিণখানের গণকবরস্থান রোডের জমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন মোখলেছুর রহমান।

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখানের গণকবরস্থান রোডে জমি দখলের চেষ্টা, কথিত জাল দলিল ব্যবহার করে ব্যাংকঋণ গ্রহণ এবং একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ উঠেছে মো. মজিবুর রহমান, সামসুদ্দিন মজুমদারসহ কয়েকজনের বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হয়রানি ও মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জমির দাবিদার মো. মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমানের দাবি, তিনি ২০০০ সালে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। জমির মূল মালিকের সন্তানের কাছ থেকে ভারতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন বলেও জানান তিনি। জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিলপত্র তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন মোখলেছুর।

তাঁর অভিযোগ, একটি পক্ষ ২০০২ সালের একটি কথিত জাল দলিল ব্যবহার করে জমিটি দখলের চেষ্টা করছে। ওই দলিলের ভিত্তিতে ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং জমিটি একাধিকবার বিক্রি করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

মোখলেছুর রহমান আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য তাঁকে চার কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তী সময়ে তাঁকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

মোখলেছুর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে আমি নিজের বাসায় এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এখনো আমার জমি দখল করে রাখা হয়েছে। উল্টো আমার বিরুদ্ধেই মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের পক্ষে বিএনপির নাম ব্যবহারকারী কয়েকজন অবস্থান নিচ্ছেন। এ বিষয়ে তিনি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

মোখলেছুর রহমান বলেন, “আমি এখন ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি। নিজের জমির অধিকার ফিরে পেতে এবং হয়রানি থেকে মুক্তি পেতে আমি প্রশাসন ও বিচার বিভাগের সহযোগিতা চাই।”

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে জমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত মালিকানা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মোখলেছুর রহমান বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি কোনো অন্যায় সুবিধা চাই না ,আমি আমার জমির অধিকার ও ন্যায়বিচার চাই।

Muktomon/TA