ইমরান খানের মুক্তির আন্দোলনের মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির খবর
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির খবর

মুক্তমন রিপোর্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ সিদ্ধান্তের অনুমোদন দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংবিধানের ২৩২ ও ২৩৩ ধারার আওতায় জরুরি অবস্থা জারির প্রস্তাব দেন মন্ত্রিসভার সদস্যরা।

প্রদেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির নেতৃত্বে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন ও লংমার্চ চলছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই সীমাবদ্ধ রয়েছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইকে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে দেবেন না বলে মন্তব্য করেন।

প্রতিবেদন অনুযায়ী, জরুরি অবস্থা জারির ফলে প্রদেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ এবং নাগরিকদের কিছু মৌলিক অধিকার সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি গভর্নর শাসন চালুর কথাও উল্লেখ করা হয়েছে। তবে জরুরি অবস্থার আওতায় ঠিক কী কী ব্যবস্থা কার্যকর হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে স্পষ্ট নয়।

ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান। ২০২৩ সালে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে রয়েছেন। তাঁর অসুস্থতার কথা উল্লেখ করে মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই।

ইমরান খানের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র : দ্য ডন

Muktomon/TA