রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার খবর, সৌদিকে হুথিদের হুঁশিয়ারি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর ও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিবেদন।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর ও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিবেদন।

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি এ হামলার দায় স্বীকার না করলেও সৌদির বিমানবন্দরগুলোকে নিজেদের হামলার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে দেখছে গোষ্ঠীটি।

রোববার (১১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ নীতি অনুসরণ করছে। তাদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি আরবের হামলার জবাবে সৌদির বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

হুথিদের বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের হামলার প্রতিশোধ হিসেবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেল অবকাঠামো এবং রিয়াদের বিমানবন্দরেও হামলা চালানো হতে পারে। রিয়াদের বিমানবন্দর সৌদি আরবের অন্যতম প্রধান বিমান চলাচলকেন্দ্র।

হামলার পর সৌদি আরব কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে সৌদি বাহিনী হুথিদের বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এরপরও গোষ্ঠীটি রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে শক্তিশালী বিমানবাহিনী থাকা সত্ত্বেও হুথিদের হামলা পুরোপুরি ঠেকানো সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে হুথিরা সতর্ক করে বলেছে, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য এলাকার আকাশসীমায় বিমান চলাচল করা হলে সেগুলো হামলার শিকার হলে এর দায় সৌদি আরবকে নিতে হবে। গোষ্ঠীটির এই হুঁশিয়ারি ঘিরে দেশটির বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : আলজাজিরা

Muktomon/TA