ঢাকা, ১৭ অক্টোবর: দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এর মাধ্যমেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’
দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব
দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁরা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং জনকল্যাণে কাজ করছেন। দেশের জন্য তাঁদের এই উদ্যোগ ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল ক্রীড়াবিদদের বড় অংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগকে কাজে লাগাতে হবে। এই শক্তি দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিয়োজিত করা প্রয়োজন।
স্টার্টআপে ৫০০ কোটি টাকার তহবিল
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিশ্রুতি এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও।
তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মেধাবী তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।
তারেক রহমান বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। নিজেদের উন্নতির পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও তরুণদের ভাবতে হবে।
১৫ যুব স্বেচ্ছাসেবক ও ৪৩২ সংগঠনকে পুরস্কার-অনুদান
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। পাশাপাশি দেশের ৪৩২টি যুব সংগঠনকে তাদের কার্যক্রম আরও গতিশীল করতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।