মুক্তমন রিপোর্ট : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাকের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়টি আবারও সামনে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অকার্যকর অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে দেশের সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে।
আখতার হোসেন বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের উদ্যোগে এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।
ইশরাকের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনা কি শুধু অস্ত্র সামনে আনার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো সম্পর্ক রয়েছে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আখতার বলেন, সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু লোকদেখানো উদ্যোগ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত ব্যর্থতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
Muktomon/TA