মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে নারী কৃষকদের অবদানকে স্বীকৃতি দিতে যশোরের অভয়নগর ও রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছে আইফার্মার ও এসএনভি। যৌথভাবে আয়োজিত এসব কর্মসূচিতে খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ, ফসল প্রক্রিয়াজাতকরণ ও গবাদিপশু পালনে নারীদের ভূমিকা তুলে ধরা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় উদ্বোধনী র্যালি, আধুনিক কৃষি, ফসল সুরক্ষা ও গবাদিপশু পালনবিষয়ক কুইজ এবং আনন্দঘন খেলাধুলা। কুইজে সেরা তিনজন নারী কৃষক ও খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
রংপুরের গঙ্গাচড়ায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুজা আহমেদ সাজু এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফরিদা পারভীন।
আয়োজকদের মতে, দেশের কৃষি ও খাদ্যব্যবস্থায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উৎপাদন থেকে শুরু করে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তাঁদের শ্রম ও দক্ষতা কৃষির অগ্রগতিতে ভূমিকা রাখে।
আইফার্মার ও এসএনভি নারী কৃষকদের আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি এবং বাজারসংযোগের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Muktomon/TA