ধর্মীয় অধিকার সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব : রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী

মুক্তমন রিপোর্ট : শারদীয় দুর্গাপূজার বার্তা কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সব মানুষের জন্য প্রযোজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল মর্মবাণী।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুর্গাপূজার বার্তা সর্বজনীন। এটি সব ধর্মের মানুষের পাশাপাশি সমগ্র মানবজীবনের জন্য প্রাসঙ্গিক। উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং ধর্মীয় ও সামাজিক সীমারেখা অতিক্রম করে একে অন্যের আনন্দে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে।

ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, তা নিশ্চিত করা সরকারের কর্তব্য।

দুর্গাপূজা উপলক্ষে ছুটি ও সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার তা বাড়িয়ে তিন দিন করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সব মিলিয়ে এবার সনাতন ধর্মাবলম্বীরা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন।

তিনি আরও বলেন, আগে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলে জানান তিনি।

বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ একে অন্যের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আসছে। এই ঐতিহ্য ধরে রাখা জরুরি। কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলেও দেশের ধর্মপ্রাণ মানুষ তা সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ধর্মীয় বিশ্বাস ব্যক্তির নিজস্ব বিষয়। তবে রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চা করতে পারেন, তা নিশ্চিত করা।

Muktomon/TA