মাদকবিরোধী অভিযানে অস্ত্র বের করার ব্যাখ্যা দিলেন ইশরাক

মাদকবিরোধী অভিযানে অস্ত্র বের করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন
মাদকবিরোধী অভিযানে অস্ত্র বের করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন

মুক্তমন রিপোর্ট : মাদকবিরোধী অভিযানের সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করার কারণ ব্যাখ্যা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে যাওয়ার পর অল্প সময়ের জন্য নিজেকে নিরাপদ রাখতে অস্ত্র বের করেছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। একই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন ইশরাক।

ইশরাক বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর তিনি অল্প সময়ের জন্য নিজের অস্ত্র বের করেন। পরে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভিন্ন ধরনের বর্ণনা তুলে ধরা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর নানা তথ্য প্রকাশ করা হচ্ছিল।

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ইশরাককে। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইশরাকের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লোকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে লোকজনের পেছনে দৌড়াতেও দেখা যায়। আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে ইশরাকের নিয়োগ করা দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন। তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। সংবাদ সম্মেলনে ইশরাক অস্ত্র বের করার পেছনে আত্মরক্ষার কারণ তুলে ধরেন।

Muktomon/TA