মুক্তমন রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে ইশরাক ফাঁদে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়েছেন বলে মনে করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই বলে তিনি মনে করেন। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্য, কোনো কাজের কারণে যেন হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ, দুঃখ বা আঘাতের অনুভূতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি নিয়ে কথা বলার কারণে তাঁকে যেন কোনো রাজনৈতিক তকমা দেওয়া না হয়। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন।
ভুল-বোঝাবুঝি দূর করতে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আলোচনা হলে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
Muktomon/TA