ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের মশক নিধন অভিযান

বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের নেতাকর্মীরা
বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের নেতাকর্মীরা

মুক্তমন রিপোর্টার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বাগেরহাটে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদারের নেতৃত্বে এ কার্যক্রমে সংগঠনের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সাবিহা তুল লামিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মো. আল-আমীন সরদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন করলেই হবে না। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।