মুক্তমন রিপোর্ট : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এবং বিভিন্ন ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের উচ্চমূল্য, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় কাঠামোয় গণতান্ত্রিক উপাদান সংকুচিত করে স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সাথী আক্তারের গ্রেপ্তারের সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, দোকানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে মন্তব্য করার পরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বক্তব্যে সরকারবিরোধী কোনো বক্তব্য ছিল না বলে দাবি করেন তিনি।
আখতার হোসেন অবিলম্বে সাথী আক্তারের মুক্তি, মামলা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবি জানান।
প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা জানা গেছে। তবে এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মাতারবাড়ী বন্দরকে দক্ষিণ ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ভবিষ্যতে একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও করপোরেশনে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন এনসিপির সদস্যসচিব। চট্টগ্রামের মেয়রের মেয়াদ শেষ হওয়ার পর তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি এ সিদ্ধান্তের সমালোচনা করেন।
আখতার হোসেনের অভিযোগ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও ইউনিয়ন পর্যায়ে দলীয় ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের দলীয় প্রার্থী করার পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সরকারের নিয়োগ দেওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা সরকার ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানটির স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষাংশে আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নেতা-কর্মী ও সমর্থকদের আহ্বান জানান আখতার হোসেন।
Muktomon/TA