মুক্তমন রিপোর্ট : ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ফাদাবির বক্তব্য অনুযায়ী, ইরান ও আইআরজিসির সামরিক প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
হরমুজে মার্কিন নৌ উপস্থিতি নেই: ফাদাবি
প্রেস টিভিকে ফাদাবি দাবি করেন, হরমুজ প্রণালীসহ ইরানের নিজস্ব বা সংলগ্ন জলসীমায় বর্তমানে মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি নেই।
তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই।
আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
নৌ-অবরোধ নিয়ে উত্তেজনা
ফাদাবির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। আলজাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর করতে গত জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
অন্যদিকে, ইরান হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে। তেহরান বলছে, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি চালু করা হবে না।
ফাদাবির বক্তব্যের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা
Muktomon/TA