মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে মামলার অনুমোদনের বিষয়টি জানানো হয়। নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, মামলার অনুমোদনের কাগজপত্র হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্রের তথ্য অনুযায়ী, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এ সম্পদ অর্জনে আবদুল কাদের মির্জাকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, বাবার সহায়তায় এসব সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধেও মামলা অনুমোদন দেওয়া হয়েছে।
নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র কমিশনে পাঠানো হয়েছিল। অনুমোদনের কাগজপত্র হাতে পৌঁছালে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Muktomon/TA