মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩ বছরের শাহীন, ৫ দিনেও সন্ধান মেলেনি

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ১৩ বছরের শাহীন, ৫ দিনেও সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী আরাফাত হোসেন শাহীন। আত্মীয়স্বজন, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকার এ ঘটনায় শাহীনের সন্ধান চেয়ে তার মা শাহিনুর বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) চর পোড়াগাছার বাড়ি থেকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় শাহীন। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বাড়ি থেকে বের হওয়ার পর তার সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।

নিখোঁজ শাহীনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।

শাহীনের বাবা আবুল বাশার বলেন, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়েছে। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকাতেও সন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় শাহীনের পরনে ছিল কালো পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি।

বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর ঠিক কোথা থেকে শাহীন নিখোঁজ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পরিবার।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শাহীনের মা থানায় জিডি করেছেন। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদ্রাসায় পড়াশোনার বিষয় নিয়ে ভয় বা উদ্বেগ থেকেও সে অন্য কোথাও চলে যেতে পারে—এমন একটি সম্ভাবনাও পুলিশ খতিয়ে দেখছে।

পাঁচ দিন ধরে শাহীনের কোনো সন্ধান না পাওয়ায় দ্রুত তার অবস্থান শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা স্বজনদের।