হালিশহরে বিশ্ব সুন্নী আন্দোলনের সালাতু সালাম সম্মেলন

হালিশহরে শাণে গাওসে পাক ও আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
হালিশহরে শাণে গাওসে পাক ও আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের হালিশহরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ‘শাণে গাওসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার’ সম্মেলন ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম জেলার হালিশহর থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের হালিশহর থানা শাখার আহ্বায়ক নাফিস মোবাররাত।

অনুষ্ঠানে হালিশহর থানা শাখার নেতা আমির হোসেন, আসরাফ জুয়েল, মঈনউদ্দিন মনি, রাবেয়া মোবাস্বেরা, কামরুন নাজাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বক্তব্য ও দিকনির্দেশনা তুলে ধরে বলেন, আওলিয়া কেরামের প্রতি ভালোবাসা, সত্য ও মানবতার পক্ষে অবস্থান এবং জুলুম ও অন্যায়ের অবসানের লক্ষ্যে বিভিন্ন তরিকা, খানকা ও দরবারের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, দ্বীন-মিল্লাত ও মানবতার কল্যাণে পারস্পরিক বিভেদ ও সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষদের নিয়ে মানবতার পক্ষে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনায় মাজার ও আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা এবং ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তাঁদের দৃষ্টিতে আওলিয়া কেরামের শিক্ষা মানুষের আত্মিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল্লামা ইমাম হায়াতের বক্তব্য উদ্ধৃত করে বক্তারা মাজারে হামলা, ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদী কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিভিন্ন ধর্মীয় মত ও গোষ্ঠী সম্পর্কে তাঁর কিছু কঠোর মন্তব্যও আলোচনায় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আল্লাহ, মহানবী (সা.) ও আওলিয়া কেরামের প্রতি ভালোবাসা এবং তাঁদের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সম্মেলনের শেষপর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে সালাতু সালাম পাঠ করা হয়। পরে দেশ ও বিশ্বের শান্তি, মানবতার কল্যাণ এবং সবার মুক্তি ও রহমত কামনা করে দোয়া করা হয়।

Muktomon/TA