খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি ৫১

খুলনা বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও হাসপাতালে ভর্তির পরিস্থিতি
খুলনা বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও হাসপাতালে ভর্তির পরিস্থিতি

মুক্তমন রিপোর্ট : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৭ জন চিকিৎসা নিচ্ছেন।

একই সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে খুলনা জেলায় দুজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৪৫৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮২৩ জন।

এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৫১ জন। তাঁদের মধ্যে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

Muktomon/TA