নোয়াখালীতে বারবিকিউ পার্টির পানীয় সেবনে তরুণের মৃত্যু

নোয়াখালীতে বারবিকিউ পার্টির পর অসুস্থ তরুণদের হাসপাতালে চিকিৎসা
নোয়াখালীতে বারবিকিউ পার্টির পর অসুস্থ তরুণদের হাসপাতালে চিকিৎসা

মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর সদর উপজেলায় বারবিকিউ পার্টিতে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের পানীয় সেবনের পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। এর আগে শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে সাকিবের মৃত্যু হয়।

নিহত সাকিব কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে।

বারবিকিউ পার্টির পর অসুস্থ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় এক প্রবাসী বন্ধুর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তরুণ বারবিকিউ পার্টির আয়োজন করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পার্টিতে মদ ও বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় তৈরি করে পাঁচজন সেবন করেন। পরে তারা খাবার ও আড্ডা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান।

পরদিন শনিবার ভোরে সাকিবসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা করান। পরে সাকিব ও মো. টিপুর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালীর প্রাইম হসপিটাল প্রাইভেট লিমিটেডে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

অসুস্থ সাইফুল ইসলাম পাখিকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মো. টিপু (২৪), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠাবে পুলিশ

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পাঁচ যুবক তা পান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে বাড়িতে রয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Muktomon/TA