মুক্তমন রিপোর্ট : শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে বই ও পোশাক বিতরণ এবং কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার—এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নিজের সময়ের প্রাথমিক শিক্ষার পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে মন্ত্রী বলেন, আগে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত চেয়ার-বেঞ্চ ও উপযুক্ত অবকাঠামো ছিল না। বর্তমানে বিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধায় পরিবর্তন এসেছে।
শিশুদের বেড়ে ওঠায় পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সন্তানদের সঠিকভাবে দেখাশোনা, অসৎ সঙ্গ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় সম্পৃক্ত রাখার দায়িত্ব অভিভাবকদের। বিশেষ করে মায়েরা স্নেহ ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তোলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসাদুল হাবিব দুলু একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ওই বিদ্যালয়ে পাঁচ-ছয়জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ১৩ জন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
কারিগরি শিক্ষার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী বছর এ খাতে আরও গুরুত্ব দেওয়া হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। এসব দক্ষতা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সহায়ক হবে।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA