মুক্তমন রিপোর্ট : ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন সেনাবাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে হুথি বাহিনীর ৬৮টি সামরিক যান ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার কথাও জানিয়েছে তারা।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, চলমান ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ সামরিক অভিযানের আওতায় হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৭৩৬টি আঘাত হানা হয়েছে। এসব অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, সৈন্য সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান, অস্ত্রাগার ও সরবরাহপথ লক্ষ্যবস্তু করা হয়।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশকে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, সেখানে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলের ভেতরে থাকা অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর দাবি, হুথিরা ওই পরিত্যক্ত হোটেলটিকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থান হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়ছিল এবং তাইজ শহরে অবরোধ বজায় রাখা হচ্ছিল। ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করতেই অভিযান চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তাইজে এখনো লড়াই চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুথিরা সম্প্রতি গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান জোরদার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশ দখল করে নিলে দেশটিতে সংঘাত তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের সংঘাতে হস্তক্ষেপ করে।
বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এডেন শহরসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা সরকারি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : আরব নিউজ, আনাদোলু এজেন্সি
Muktomon/TA