মুক্তমন রিপোর্ট : চিকিৎসাসেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন যেন থেমে না যায়। কোনো সরকারের নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে।
রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসাসেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন জরুরি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, প্রায় ২৫ থেকে ২৬ বছর আগে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে চট্টগ্রামে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও রোগ নির্ণয়ের সরঞ্জাম সংযোজনে কাজ করেছেন। ইলেকট্রোমায়োগ্রাম (ইএমজি), নার্ভ কন্ডাকশন ভেলোসিটি এবং বিভিন্ন নিউরোফিজিওলজিক্যাল পরীক্ষার প্রযুক্তি চট্টগ্রামে পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়ায়।
চমেক হাসপাতালের ডায়ালাইসিস সেবাসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি বলেন, এসব সেবা যাতে কোনো কারণে ব্যাহত না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা এবং হাসপাতালের নিজস্ব অর্থায়নের সমন্বয়ে সেবাগুলো দীর্ঘমেয়াদে চালু রাখার চেষ্টা চলছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, একটি হাসপাতাল শুধু চিকিৎসাসেবার মান দিয়ে নয়, এর সার্বিক পরিবেশ দিয়েও পরিচিত হয়। রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। হাসপাতালের ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানো কোনোভাবেই কাম্য নয়।
পিজিটিডিএ চমেকহার সভাপতি ডা. তানভীর হাবীব তান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চমেক শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিঞাসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শাহাদাত চিকিৎসকদের রোগীর চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সামগ্রিক সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান।