সাফের বাংলাদেশ দলে দুই প্রবাসী নতুন মুখ, ফিরেছেন তপু

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ও স্কোয়াড ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ও স্কোয়াড ঘোষণা

মুক্তমন রিপোর্ট : সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার মাহি খান ও রোনান সুলিভান। চোটের কারণে আসিয়ান কাপের চূড়ান্ত দলে না থাকা ডিফেন্ডার তপু বর্মণও ফিরেছেন স্কোয়াডে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান কোচ থমাস ডুলি গত ১৮ অক্টোবর সাফের জন্য ২৮ ফুটবলারের নাম বাফুফেতে জমা দেন। তবে ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু সেই তালিকায় জায়গা পাননি। ঘরোয়া লিগে দুই গোল করার পর এএফসি চ্যালেঞ্জ লিগেও ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেন তিনি।

তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় টুডুর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্কোয়াডের বাইরে গোলরক্ষক মো. আসিফ ও ইসহাক আকন্দকে শুধু অনুশীলনের জন্য ডাকা হয়েছে। তবে টুডুকেও জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কোচ কোনো মন্তব্য করেননি।

এবারের সাফের জন্য আগেভাগেই ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দিতে হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন এই তালিকা থেকে ২৩ জনকে চূড়ান্ত করা হবে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, ফিফা উইন্ডোর বাইরে কয়েকটি ম্যাচ থাকায় দল পরিবর্তনের সুযোগ রাখতে ২৮ সদস্যের স্কোয়াডের ব্যবস্থা করা হয়েছে।

তবে টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগে দল চূড়ান্ত করায় খেলোয়াড়দের পারফরম্যান্স, চোট ও শৃঙ্খলাজনিত পরিস্থিতি বিবেচনায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।

আগামীকাল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের খেলোয়াড়দের রিপোর্টিংয়ের কথা রয়েছে। খেলোয়াড়দের আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আসিয়ান কাপে শৃঙ্খলা নিয়ে সমালোচনা থাকলেও তাঁর ওপরই আস্থা রেখেছে বাফুফে। এদিকে ক্যাম্প শুরুর আগে জাতীয় দল কমিটির সভা না হওয়ায় অসন্তোষ রয়েছে সংশ্লিষ্ট কয়েকজনের মধ্যে। সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন ক্যাম্পে থাকবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সাফের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইফসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন ও রোনান সুলিভান।

শুধু অনুশীলনের জন্য: মো. আসিফ ও ইসহাক আকন্দ।

সূত্র : ঢাকা পোস্ট

Muktomon/TA