মকবুল হোসেন : ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৪ অক্টোবর) পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা ও চিকিৎসকদের উপস্থিতির বিষয়গুলো খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি ভর্তি রোগীদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবার মান ও হাসপাতালের পরিবেশ নিয়ে রোগীদের মতামতও শোনেন তিনি। এ সময় ওয়ার্ডসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ দেন।
কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোগীদের খাবারের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের আমলে সরকারি হাসপাতালগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, ফলে চিকিৎসাব্যবস্থায় নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান বাড়াতে সরকার কোনো ছাড় দেবে না। পাশাপাশি চিকিৎসক, টেকনিশিয়ানসহ বিভিন্ন শূন্যপদ দ্রুত পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রসূতি বা গাইনি চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তির বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়।
পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসাধীন এক দরিদ্র ও অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন স্বাস্থ্যমন্ত্রী।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA