মুক্তমন রিপোর্ট : হঠাৎ অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার ক্লাবের অনুশীলন মাঠে রিজার্ভ দলের কার্যক্রম পর্যবেক্ষণের সময় অসুস্থ হয়ে পড়েন ৪০ বছর বয়সী এই কোচ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে জার্মান ক্লাবটি।
বায়ার্ন মিউনিখের বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থ হয়ে অজ্ঞান হওয়ার পর কোম্পানিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং আপাতত তাঁকে চিকিৎসাধীন থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁর কোচিং স্টাফরা দলের অনুশীলন ও ম্যাচসংক্রান্ত কার্যক্রম দেখভাল করবেন।
গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন কোম্পানি। অসুস্থতা সত্ত্বেও বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বায়ার্নের ডাগআউটে ছিলেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থতা সত্ত্বেও নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়ার কথা স্বীকার করেন কোম্পানি। এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের সময়ও অসুস্থতার কারণে তাঁকে বিশ্রাম নিতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভাইরাসজনিত সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থায় দীর্ঘমেয়াদি কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখতে আরও পরীক্ষা করা হবে। কোম্পানির সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে বলে জানিয়েছে ক্লাবটি।
সপ্তাহের শুরুতে দলের মূল দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি কোম্পানি। সে সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব পালন করেন সহকারী কোচ অ্যারন ড্যাংকস।
সূত্র : ঢাকা পোস্ট
Muktomon/TA