মুক্তমন রিপোর্ট : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির ক্লাব কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-১ গোলের পরাজয়ের রাতে দলটির অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার পুলিশ।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ফার্নান্দেজের বাসার আশপাশে সন্দেহজনক ব্যক্তিদের চলাচলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়িটিতে চুরির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করেন তদন্তকারীরা। বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ডেভ জারভিস জানান, এক ব্যক্তি ফোন করে প্রতিবেশীর বাড়ির পেছনের বাগানে তিনজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পাওয়ার কথা জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পায়নি। তবে বাড়িটিতে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় ব্রুনো ফার্নান্দেজ কিংবা তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। এ বিষয়ে ফার্নান্দেজের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চুরির ঘটনার খবর আসার আগে ইতালিতে কোমোর বিপক্ষে বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো খেলতে নেমে কোমো ৪-১ গোলে হারায় ইংলিশ ক্লাবটিকে।
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটি ম্যাচেই খেলেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বও দিচ্ছেন তিনি। কোমোর কাছে হারের পর দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলে আরও সাহসী ফুটবল খেলার আহ্বান জানান এই তারকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায়ও দলটির অবস্থান ১৩তম।
সূত্র : ঢাকা পোস্ট, দ্য অ্যাথলেটিক
Muktomon/TA