মাহিদুল ইসলাম ফরহাদ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে একটি ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ, বেনারসি শাড়ি, ভারতীয় মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযান সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শাহাবাজপুর কলেজসংলগ্ন পাকা সড়কে চালানো হয়।
অভিযানকালে মালিকবিহীন একটি ভারতীয় ট্রাক (রেজিস্ট্রেশন নম্বরবিহীন) তল্লাশি করা হয়। ট্রাকে রাখা পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা ট্রাক ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
এরপর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামের পাকা সড়কে অভিযান চালায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহলদল।
সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মডেলের ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও ইজিবাইকের আনুমানিক মোট মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
দুই অভিযানে জব্দ করা পণ্য ও যানবাহনের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA