নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না দেওয়ায় উম্মে হানি ডলি (৪০) নামে এক নারী দোকানদারকে কুপিয়ে জখম, শ্লীলতাহানি ও দোকান ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বন্দর থানাধীন তিনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী উম্মে হানি ডলি বাদী হয়ে মো. শ্যামল (৩৫), মো. সুমন (২৬), মো. মোস্তাকিম (২৫) ও মো. মোস্তফা (৬৫)-কে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ডলি জানান, তিনি দীর্ঘদিন ধরে তিনগাঁও এলাকায় মুদির দোকান পরিচালনা করছেন। প্রায় ছয় মাস আগে শ্যামল ও সুমনকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তারা তার ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে তারা প্রতিদিন ১ হাজার টাকা করে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। গত ৫ সেপ্টেম্বর থেকে চাঁদার পরিমাণ বাড়িয়ে প্রতিদিন ৫ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ডলি দোকানে অবস্থানকালে অভিযুক্তরা সুইচ গিয়ার ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে শ্যামল সুইচ গিয়ার চাকু দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অন্য অভিযুক্তরা তার পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা দোকানের একটি ৫৫ ইঞ্চি টেলিভিশন ভাঙচুর করেন এবং ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এতে তার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ডলির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Muktomon/TA