কামাল হোসেন প্রধান : নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশিকুর রহমান এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজ পড়ার সময় জাহানারা বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি নরসিংদী জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বর্ণনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) এবং আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান জানান, হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ জুলাই এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হৃদয় ও কাদিরের বিরুদ্ধে এর আগেও পৃথক মামলা রয়েছে বলে জানান তিনি।
পুলিশের দাবি, আবু মিয়ার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, জাহানারা বেগমের গলার সোনার চেইন চুরির উদ্দেশ্যে প্রায় ৭-৮ মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন বিদ্যুৎ না থাকার সুযোগে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তারা।
পুলিশ আরও জানায়, আসামিরা জাহানারা বেগমের বাড়িতে প্রবেশ করে। তিনি নামাজরত অবস্থায় থাকায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় বিদ্যুৎ চলে এলে তিনি হামলাকারীদের চিনে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও মাথায় আঘাত করা হয়। পরে তার গলার সোনার চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি
Muktomon/TA