মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের সাবা প্রদেশে সরকারি একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রাদেশিক সরকারি দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার আল-আলম মিলিটারি ট্রেনিং ক্যাম্পে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। ওই কেন্দ্রে ইয়েমেনি বাহিনীর নতুন সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।
হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার দায় স্বীকার করেছেন। তাঁর দাবি, হামলার লক্ষ্য ছিল সৌদি সমর্থিত একটি সামরিক ঘাঁটি। সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানকে লক্ষ্যবস্তু করার হুমকিও দেন তিনি।
হামলার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট রাশদ আল-আলিমি নতুন সেনাদের ওপর হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে যুক্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘদিনের সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর সংঘাতের মাত্রা কিছুটা কমলেও সাম্প্রতিক উত্তেজনায় দেশটিতে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা