মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তেল স্থাপনাগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
যুক্তরাজ্য আগে থেকেই সৌদি আরবকে আকাশে জ্বালানি সরবরাহের সহায়তা দিয়ে আসছে। এ ছাড়া দেশটির অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে পাঠানো টাইফুন যুদ্ধবিমানগুলো হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হবে। ইয়েমেনে হামলা চালানোর জন্য এসব বিমান ব্যবহার করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই সময় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। হামলার সময় ইরান থেকে আসা একটি বিমান সেখানে অবতরণ করছিল, তবে বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর হুথিরা লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচল এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। সৌদি আরবের নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানায় তারা। এর পর থেকেই হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকে।
এদিকে ইয়েমেনের স্থলভাগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
সূত্র : সিএনএন
Muktomon/TA