ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা দুপুরে

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে যাওয়া ইশরাক হোসেন
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে যাওয়া ইশরাক হোসেন

মুক্তমন রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক।

পোস্টে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

ফেসবুক পোস্টে ইশরাক আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্য দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।

এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন ইশরাক।

এর আগে রোববার রাতে ইশরাকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়। তবে পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Muktomon/TA