মুক্তমন রিপোর্ট : বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং শিক্ষা-গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তাঁর দেশ আগ্রহী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে উল্লেখ করে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরের বিষয়টি তুলে ধরেন।
এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা হয়। ওই সফরে প্রতিনিধিদল পাকিস্তানের শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে বলে বৈঠকে জানানো হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
Muktomon/TA