মুক্তমন রিপোর্ট : গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
পোস্টে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ। এসব ঘটনায় গোপালগঞ্জের মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি করে দলটি।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থানের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে পোস্টে উল্লেখ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জামায়াত।
Muktomon/TA