মুক্তমন রিপোর্ট : সড়কের বেহাল অবস্থা, ট্রেনযোগে কর্মসূচি আয়োজনের কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কায় আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে তিনটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সাত দফা দাবির প্রতি দেশজুড়ে সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তবে সিলেটের কর্মসূচিটি আপাতত স্থগিত করা হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।
লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, প্রথমে সড়কপথে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে দেখা যায়, এতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি হতে পারে। এ কারণে জনস্বার্থ বিবেচনায় কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার পরিষদ গঠনের বিষয়ে সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সরকার গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক। তাঁর অভিযোগ, বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলেও অপরাধ দমনে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতন্ত্রের বিকাশকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। সরকার এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নিলে ১১ দলীয় ঐক্য বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। জোট অটুট রয়েছে এবং নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA