দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১৯৮ বস্তা সার

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৯৮ বস্তা টিএসপি সার
বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১৯৮ বস্তা টিএসপি সার

রনজিৎ সরকার রাজ :দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সার প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর হাটের অদূরে একটি গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনটি আলম হোসেনের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন শিবপুর গ্রামের বাসিন্দা ও ধান-চাল ব্যবসায়ী আলমগীর হোসেন।

অভিযানে আলমগীর হোসেনের মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এসব সারের সরকারি মূল্য ২ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, সারগুলো অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালানো হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারগুলো জব্দ করেন। এরপর ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা দিলীপ রায়ের জিম্মায় সারগুলো দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ১১ অক্টোবর রোববারের মধ্যে উপজেলা কৃষি অফিস ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা রয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম সহযোগিতা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আলমগীর হোসেন পালিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে আলমগীর হোসেন ২০০ বস্তা টিএসপি সার খোচাবাড়ী থেকে কিনে এনে গোডাউনে মজুত করার কথা স্বীকার করেন। তবে সার কেনার কোনো প্রমাণপত্র, মেমো বা নথি তাঁর কাছে নেই বলে জানান তিনি।

অভিযানকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, বীরগঞ্জ থানার এসআই দীপু রায়, ডিআইও হায়দার আলী, ডিএসবি নুর আমিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, কৃষক দলের সভাপতি বাবুল, গোডাউন মালিক আলম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA