প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মুক্তমন রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো অস্পষ্ট বা অনানুষ্ঠানিক পদ্ধতিতে নয়, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। এ ধরনের অপরাধের গুরুত্ব সাধারণ ফৌজদারি অপরাধের চেয়ে আলাদা। তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি এবং সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করা হবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে উপদেষ্টা বলেন, সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। তিনি আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও আইনি বিধান মেনে চলাই সরকারের লক্ষ্য। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও সেই আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

Muktomon/TA