মুক্তমন রিপোর্ট : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত মালিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি পার্কিংয়ে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয় বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন।
এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্য চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের বাড়ি যথাক্রমে নাটোরের গুরুদাসপুর, রাজশাহীর পুঠিয়া ও গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার পর ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। রাত পৌনে ১টার দিকে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উত্তরা পূর্ব থানা এলাকায় রাত পৌনে ১২টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও রাত পৌনে ১২টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর আরও কয়েকটি স্থানেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, শেরেবাংলা নগরের পান্থপথ এবং খিলক্ষেত থানার পাশের সড়কে ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জাহান জানান, রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে মাটিকাটা এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যদিকে, শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে পান্থপথ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, রোববার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
Muktomon/TA