মুক্তমন রিপোর্ট : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Muktomon/TA