আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারির পর গোষ্ঠীটি এ দাবি করে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে বুধবার ভোরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দেশনা জারি করে। তবে কিছু সময় পর সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে হুথিদের হামলার পর নিরাপত্তার কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। পরে অক্টোবরের শেষ দিকে বিমানবন্দরটি আংশিকভাবে চালু করা হয়।
সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সৌদি আরবের বিমানবন্দর, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ২০টির বেশি হামলা এবং হামলার চেষ্টা চালানোর দাবি করা হয়েছে প্রতিবেদনে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাতে জড়ায় হুথিরা। দীর্ঘ মধ্যস্থতার পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে উত্তেজনা নতুন করে বেড়েছে।
লোহিত সাগর ও হরমুজ প্রণালির নৌপথ এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অবকাঠামোকে কেন্দ্র করে হুথিদের তৎপরতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলছে।
সূত্র : এএফপি
Muktomon/TA