মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, মার্কিন জনগণ বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি চান। একই সঙ্গে জনগণের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সক্ষম নেতৃত্বের প্রত্যাশা করছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওবামা এসব কথা বলেন।
নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
ওবামা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এমনকি যেসব এলাকায় জয় পাওয়া কঠিন বলে ধারণা করা হতো, সেখানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত পটভূমি ভিন্ন হলেও জনসেবার প্রতি অঙ্গীকার এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে মিল ছিল।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় দুই দলের হাজারো নির্বাচন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের প্রতিও কৃতজ্ঞতা জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁদের অবদান রয়েছে।
আগামী দিনের করণীয় তুলে ধরে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের মেয়াদে আরও দুই বছর বাকি রয়েছে। এখন দায়িত্ব হলো, যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি হওয়া ঠেকানো এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করা।
Muktomon/TA