চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) সংলগ্ন এলাকায় যানবাহনের চলাচল ও পার্কিংয়ে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিআরটিএর বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এ কার্যক্রম চালানো হয়।
অভিযানে রুট পারমিট, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র ও বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয়। এসব মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের পাশাপাশি আইআইইউসি সংলগ্ন এলাকার টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মিল, কারখানা ও পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন চালক ও দায়িত্বশীল ব্যক্তিদের যানবাহন রক্ষণাবেক্ষণ, চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া জরিমানার আওতায় আসা যানবাহনের চালক ও মালিকদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবসহ বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA