প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুক্তমন রিপোর্ট : দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাঁদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে এ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে।

তিনি জানান, দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করেন। এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশুর চিকিৎসা ও রোগ প্রতিরোধসেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগবালাইকে বড় অন্তরায় উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে পশুচিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের জনগণের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে বলেও জানান তিনি।

চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তারেক রহমান জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছে। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে সরকার নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি খামারি প্রশিক্ষণ, গবেষণা, টিকা উৎপাদন ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হলে এ খাত আরও স্বনির্ভর হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। এসব অঞ্চলের নতুন জেগে ওঠা চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের সুযোগ তৈরিতে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান।

পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে। তাদের খাদ্য ও পানির অভাব, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা-শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববাজারে প্রাণিজ পণ্য রপ্তানির ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে বলে জানান তিনি।

Muktomon/TA