বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে দুই দেশের রাজনৈতিক ও দলীয় যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। পাশাপাশি, ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এ সময় লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তাঁর বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তাঁর বাবার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে লিউ হাইশিং বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাঁর দপ্তর নিরলসভাবে কাজ করবে।
বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা রাখার জন্য চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উল্লেখ্য, ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করেন লিউ হাইশিং। বৃহস্পতিবার দুপুর ১২টার পর তাঁর ঢাকা ত্যাগ করার কথা ছিল।
Muktomon/TA