মুক্তমন রিপোর্ট : বোমাবাজি ও ককটেলবাজির মাধ্যমে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে গণতন্ত্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন। ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না—এমন বক্তব্য বিরোধী দলের পক্ষ থেকে আসছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশ ছেড়ে যাওয়া রাজনৈতিক নেতাকর্মীদের কর্মকাণ্ড এবং বর্তমান বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে মিল রয়েছে বলে তিনি মনে করেন। তার ভাষ্য অনুযায়ী, দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, দলটি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিক বিরোধিতা ও ষড়যন্ত্র মোকাবিলা করা হবে রাজপথে।
বিরোধী দলের সংসদীয় ও রাজপথের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্যের সঙ্গে বাইরে তাদের বক্তব্য ও কর্মসূচির পার্থক্য রয়েছে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA