সৌদি জাতীয় দিবসকে ‘আঁধার দিবস’ ঘোষণার দাবি

সৌদি জাতীয় দিবস নিয়ে বক্তব্য দিচ্ছেন আল্লামা ইমাম হায়াত
সৌদি জাতীয় দিবস নিয়ে বক্তব্য দিচ্ছেন আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন মনি : ২৩ সেপ্টেম্বর সৌদি জাতীয় দিবসকে ‘মহাপ্রলয়ংকর আঁধার দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি সৌদি আরবের রাষ্ট্রব্যবস্থা ও ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দেশটির নামকরণের বিষয়ে কঠোর সমালোচনা করেন। তিনি সৌদি রাষ্ট্রব্যবস্থাকে ‘গোত্রবাদী মুলুকিয়ত’ হিসেবে আখ্যায়িত করে এর বিরোধিতা করেন।

বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত দাবি করেন, ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর আরবের ভূখণ্ডে বর্তমান সৌদি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম মিল্লাত ও মানবতার জন্য সংকট তৈরি হয়েছে। তিনি এ দাবির পক্ষে ধর্মীয় ও ঐতিহাসিক বিভিন্ন ব্যাখ্যাও তুলে ধরেন।

তিনি বলেন, কেবলাভূমি আল আরবকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একক সম্পত্তি হিসেবে দেখা উচিত নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, মক্কা ও মদিনাকেন্দ্রিক পবিত্র ভূমি সমগ্র মুসলিম বিশ্বের সঙ্গে ধর্মীয়ভাবে সম্পৃক্ত।

বিবৃতিতে তিনি সৌদি আরবের রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে ‘আল আরব’ নাম ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে সৌদি রাষ্ট্রের বিভিন্ন নীতি ও আঞ্চলিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আল্লামা ইমাম হায়াত তাঁর বক্তব্যে কোরআন-সুন্নাহভিত্তিক মানবিক সাম্য, স্বাধীনতা ও শান্তির একটি রাষ্ট্রব্যবস্থার ধারণা তুলে ধরেন, যাকে তিনি ‘খেলাফতে ইনসানিয়াত’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সত্য, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে কেবলাভূমির মর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে মুসলিমদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন অঞ্চল একীভূত করে ‘কিংডম অব সৌদি আরাবিয়া’ নাম ঘোষণা করা হয়। প্রতিবছর এ দিনটি দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়।

চট্টগ্রাম প্রতিনিধি

Muktomon/TA