দাতব্য অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’

উন্নয়ন প্রকল্পে দাতব্য অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংকের ফিলানথ্রপি হাব চালু
উন্নয়ন প্রকল্পে দাতব্য অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংকের ফিলানথ্রপি হাব চালু

মুক্তমন রিপোর্ট : বিশ্বজুড়ে উন্নয়ন প্রকল্পে দাতব্য তহবিল, বেসরকারি বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে ‘ফিলানথ্রপি হাব’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এর মাধ্যমে উন্নয়নমূলক উদ্যোগে দাতব্য প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারের সম্পদ কাজে লাগিয়ে সফল প্রকল্পগুলোকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা চলাকালে প্রথম বিশ্বব্যাংক গ্রুপ ফিলানথ্রপি ফোরামে প্ল্যাটফর্মটি চালু করা হয়। এতে দাতব্য ফাউন্ডেশন, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও অংশীদার সংগঠনের ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।

বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা পাসকাল ডোনোহু বলেন, উন্নয়নের চাহিদা বাড়লেও সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অংশীদারত্বের গুরুত্ব আরও বেড়েছে। দাতব্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্ভাবনী সমাধান বিশ্বব্যাংক গ্রুপের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিলানথ্রপি হাব বিভিন্ন ধারণা, সম্পদ ও অংশীদারকে একত্র করে এসব সমাধান বৃহত্তর পরিসরে বাস্তবায়নে সহায়তা করবে।

বিশ্বব্যাংক গ্রুপের তথ্যমতে, ফিলানথ্রপি হাব হবে দাতব্য প্রতিষ্ঠান ও অংশীদারদের জন্য সংস্থাটির সঙ্গে কাজ করার একটি সমন্বিত প্রবেশদ্বার। এর মাধ্যমে উন্নয়ন খাতে কোথায় দাতব্য পুঁজি, উদ্ভাবনী সমাধান ও বিশেষজ্ঞ জ্ঞান সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব, তা চিহ্নিত করা হবে। পাশাপাশি জ্ঞান বিনিময়, নতুন অংশীদারত্ব এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে অর্থায়ন সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

ফোরামের ফাঁকে এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দাতব্য নেটওয়ার্ক—এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন) ও টেমাসেক ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্বব্যাংক গ্রুপ।

এভিপিএনের আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে দাতব্য ফাউন্ডেশন, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের অংশীদাররা বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে পারবেন। এ ছাড়া ‘হেলথ ওয়ার্কস’ কর্মসূচিতে কারিগরি সহায়তার অর্থায়নে একটি বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছে এভিপিএন। কর্মসূচিটির লক্ষ্য ১৫০ কোটি মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার আওতায় আনা।

অন্যদিকে, টেমাসেক ট্রাস্ট দাতব্য পুঁজি সংগ্রহ, অংশীদারদের একত্র করা এবং উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে। এর মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ও পানি খাতে বিশ্বব্যাংক গ্রুপের অ্যাগ্রিকানেক্ট, হেলথ ওয়ার্কস ও ওয়াটার ফরওয়ার্ড উদ্যোগের জন্য কার্যকর অংশীদারত্বের মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।

চার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ফোরাম

বিশ্বব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে ফিলানথ্রপি ফোরাম আয়োজন করে এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক, ইনস্টিটিউট অব ফিলানথ্রপি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নেটওয়ার্ক অব ফাউন্ডেশনস ও করপোরেট ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং টেমাসেক ট্রাস্টের ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স।

ফোরামে দাতব্য অর্থায়নের পাশাপাশি গবেষণা, তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতাকে উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশ্বব্যাংক গ্রুপের ফিলানথ্রপি হাবে একটি জ্ঞান-অংশীদার নেটওয়ার্কও গড়ে তোলা হচ্ছে। এতে রয়েছে মো. ইব্রাহিম ফাউন্ডেশন, ল্যাটিমপ্যাক্টো, ফিলানথ্রপি এশিয়া অ্যালায়েন্স এবং সেন্টার ফর এশিয়ান ফিলানথ্রপি অ্যান্ড সোসাইটি। কৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজস্প্যান, ডালবার্গ ও কো-এফিশিয়েন্ট গিভিং। এ ছাড়া যুক্ত হয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউট এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের লিলি ফ্যামিলি স্কুল অব ফিলানথ্রপি।

বিশ্বব্যাংক গ্রুপের মতে, উন্নয়ন খাতে দাতব্য সংস্থার ভূমিকা এখন শুধু অনুদান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। অনুদানের পাশাপাশি বিনিয়োগযোগ্য পুঁজি, বিশেষজ্ঞ জ্ঞান, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এবং বিভিন্ন অংশীদারকে একত্র করার সক্ষমতাও কাজে লাগানো সম্ভব। নতুন হাবের মাধ্যমে এসব সম্পদ উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে পরীক্ষামূলক উদ্যোগ থেকে বৃহত্তর পরিসরে কার্যকর সমাধান বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের ১০০টির বেশি দেশে অর্থায়ন, নীতিগত পরামর্শ ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। নতুন ফিলানথ্রপি হাবের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে দাতব্য ও বেসরকারি অংশীদারত্ব বাড়িয়ে আরও বেশি পুঁজি, জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে চায় সংস্থাটি।

Muktomon/TA