ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মকবুল হোসেন : ময়মনসিংহ রেঞ্জের আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতভিত্তিক মামলা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, মানবপাচার, মানিলন্ডারিং, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ডিআইজি।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সার্কেল কর্মকর্তাদের থানায় সেবা নিতে আসা মানুষের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি সুন্দর ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠার নির্দেশনা দেন।

ডিআইজি বলেন, দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের স্বার্থে এ অধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও তিনি স্পষ্ট নির্দেশনা দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি। বিশেষ করে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

আগস্ট ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে অভিন্ন মানদণ্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয় নেত্রকোণার দুর্গাপুর সার্কেল; এ ক্যাটাগরিতে অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান পুরস্কার পান।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ময়মনসিংহের ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ও অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নেত্রকোণার দুর্গাপুর থানার মো. শাহীনুর ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ এসআই হিসেবে একই থানার এসআই (নিঃ) মো. মহিবুর রহমান এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এএসআই (নিঃ) মো. শাহ আলমকে পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার পান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও আলী আকবর এবং জামালপুর সদর থানার এসআই (নিঃ) মো. মোস্তাফিজুর রহমান।

সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ডিআইজির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনলাইনে রেঞ্জাধীন জেলাগুলোর ক্রাইম শাখা ও সার্কেল কর্মকর্তাসহ রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা সভায় যুক্ত ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA